• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে চাঙা শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৫৮ এএম
নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে চাঙা শেয়ারবাজার

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথম কার্যদিবসে লেনদেন শুরু হতেই চাঙা হয়ে উঠেছে পুঁজিবাজার। সূচনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসইর সবগুলো সূচক। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। ১০টা ২০ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ৩৫২টির দর বেড়েছে, কমেছে ১৫টির এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান নেয়। এক্সচেঞ্জটি অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়েছে ৩৯ পয়েন্ট, সূচকটির অবস্থান ২ হাজার ৯৮ পয়েন্টে।

এদিকে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা নির্বাচন পূর্ববর্তী পূর্ণ কার্যদিবসের লেনদেনের কাছাকাছি।

লেনদেনের শুরুতেই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও বড় মূলধনী কোম্পানির শেয়ারে ক্রেতার চাপ বেশি দেখা যায়। ব্রোকারেজ হাউজগুলোর কর্মকর্তারা জানান, বাজারে বিক্রেতা তুলনামূলক কম থাকায় দর দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। অনেকে এটিকে ‘রিলিফ র‍্যালি’ বলছেন- অর্থাৎ অনিশ্চয়তা কেটে যাওয়ার স্বস্তি থেকেই এই উল্লম্ফন।

সব মিলিয়ে নির্বাচনের পরদিনই শেয়ারবাজারে যে উচ্ছ্বাস দেখা গেলো, তা স্পষ্ট করে দিয়েছে-রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে পুঁজিবাজার কতটা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। এখন দেখার বিষয়, এই ‘প্রত্যাশার বারুদ’ সাময়িক উল্লাসেই সীমাবদ্ধ থাকে, নাকি স্থিতিশীল ও সংস্কারভিত্তিক অগ্রযাত্রার ভিত্তি গড়ে তোলে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!