সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা, তখনই টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তামিমকে দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তামিম স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি। সারাদিন ধরে মিডিয়া ও সামাজিক মাধ্যমে ছড়ানো খবরকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
নির্বাচনের আগে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রচারণায় অংশ নিতে দেখা গেলেও তামিম নিজে নির্বাচনে অংশ নেননি। তবে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর নিজের অভিজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, জীবনের প্রথম ভোট দেওয়া তার জন্য ছিল ভিন্নরকম অনুভূতি।
এদিকে সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল ইসলাম–এর নাম নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। যদিও তিনি ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি এবং ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও তামিমের বক্তব্যে স্পষ্ট হয়েছে—এই মুহূর্তে তার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।
এম






































